বগুড়ায় রূপালী ব্যাংক মহাস্থান শাখায় ২ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপক, দুই কর্মকর্তা ও তিন গ্রাহককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। রোববার বিকালে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এ রায় ঘোষণা করেন।
বিচারক তার রায়ে রূপালী ব্যাংক মহাস্থান শাখার সাবেক ব্যবস্থাপক জোবাইনুর রহমানকে তিনটি ধারায় ২৭ বছর কারাদণ্ড দেন। একই ব্যাংকের সাবেক দুই কর্মকর্তা ইশরাত জাহান ও মহাতাব উদ্দিনের পাঁচ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া আজমল হোসেন, জাহেদুর রহমান ও মোশাররফ হোসেন নামে তিন গ্রাহকের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডিত ব্যক্তিরা পে-অর্ডারের মাধ্যমে ২০১৭ সালের ৬-৯ এপ্রিলের মধ্যে পরস্পর যোগসাজশে ২ কোটি ৫৯ লাখ ৮০১ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় পরে রূপালী ব্যাংকের তৎকালীন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করলে আইনি প্রক্রিয়া শেষে এ রায় দেন।










