শরীয়তপুরে সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় ছাদে থাকা পানির ট্যাংক নিচে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। আজ রোববার ভোর চারটার দিকে জয়ন্তি নদীতে এ ঘটনা ঘটে।

স্বর্ণদ্বীপ প্লাস নামের ঢাকা থেকে ডামুড্যাগামী লঞ্চটি গতকাল শনিবার রাত ১০টার দিকে ঢাকার সদরঘাট ছেড়ে যায়।

আজ ভোরে গোসাইরহাটের কুচাইপট্টি এলাকার পার হওয়ার সময় সাইক্ষ্যা ব্রিজের সঙ্গে লঞ্চটি ধাক্কা খায়। এ সময় ঘুমন্ত যাত্রীদের ওপর পানি ট্যাংক ভেঙে পড়ে।

গোসাইরহাট থানার ওসি মো. আসলাম শিকদার ঘটনাটি নিশ্চিত করেন।

এ সময় নিহত হন সাগর আলী (২৩), শাকিল আহমেদ (২৫) ও তানজিল (২৩) নামের তিন যাত্রী। লঞ্চটিতে মোট আড়াইশ যাত্রী ছিল।

এ ছাড়া কমপক্ষে চারজন আহত হয়েছেন, তাদের মধ্যে হীরা নামের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

লঞ্চটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে ৬ কিলোমিটার দূরে গোসাইরহাট পট্টি লঞ্চঘাটে নিয়ে রাখা হয়েছে।