রাষ্ট্র সংস্কারে আরো চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব কমিশন হলো- স্বাস্থ্য কমিশন, গণমাধ্যম কমিশন, নারী বিষয়ক কমিশন ও শ্রমিক অধিকার কমিশন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ান হাসান। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
রিজওয়ানা হাসান বলেন, স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন ড. একে আজাদ খান। গণমাধ্যম সংষ্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন কামাল আহমেদ। নারী বিষয়ক কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন শিরিন হক। শ্রমিক অধিকার সংষ্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ।
তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত কাজের প্রতিবেদন হাতে পেয়েছি। সে প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। সিদ্ধান্ত কী হয়, পরবর্তীতে সেটি জানানো হবে। এছাড়া শিক্ষা কমিশন নিয়ে আলোচনা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়া হবে।
শিক্ষা সংস্কারের একটি বড় খাত, এটা নিয়েও আলোচনা চলছে বলে উল্লেখ করেন রিজওয়ানা হাসান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেবে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা করে দেয়া হবে।
এ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর প্রয়োজন হলে পাঠানো হবে। এরই মধ্যে ৭ জনকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়ে কোনো ত্রুটি রাখবে না সরকার।
যেকোনো দাবি আদায়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে সরকার প্রস্তুত বলে এ উপদেষ্টা উল্লেখ করেন।
রিজওয়ানা হাসান বলেন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক বিভাগে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। তাদেরকে ট্রাফিকে যুক্ত করার বিষয়ে সরকার ইতিবাচক।










