বিদ্যুৎ সংকট ও লোডশেডিং মোকাবেলায় দেশের মার্কেট ও বিপণিবিতানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। একই সঙ্গে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য মার্কেটগুলোকে ২ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেয়াসহ ১০ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে দোকান মালিক সমিতি। সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, চলমান বিদ্যুৎ সংকটের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করতে হচ্ছে। এর মধ্যে বিভিন্ন এলাকায় সন্ধ্যা ৬টা থেকে লোডশেডিং শুরু হওয়ায় ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। বিদ্যুৎ সংকটে অনেক মার্কেট ও প্রতিষ্ঠানে বেচাকেনা কমে ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
এ পরিস্থিতিতে দোকান মালিক সমিতির তত্ত্বাবধানে সারা দেশের মার্কেট ও বিপণিবিতানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানায় সংগঠনটি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানানো হয়।
সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, পরিকল্পনাটি বাস্তবায়নে ইডকলের মাধ্যমে মার্কেট ও বিপণিবিতানগুলোকে ২ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদি ঋণ দিতে হবে। পাশাপাশি সৌর প্যানেলের মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে। নিম্নমানের প্যানেল ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার কথাও বলেন তিনি।
সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লাইসেন্সের আওতায় আনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি অতিরিক্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সরকার নির্ধারিত মূল্যে তা কেনার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে ইডকল, বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ দোকান মালিক সমিতির মধ্যে যৌথ চুক্তি, একটি নিয়ন্ত্রক বোর্ড গঠন এবং সংশ্লিষ্ট মার্কেটগুলোর সমস্যা পর্যালোচনার ব্যবস্থা করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আগামী ছয় মাসের মধ্যে সৌরবিদ্যুৎ স্থাপন করে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সক্ষম মার্কেটগুলোর ক্ষেত্রে রাত ৮টার মধ্যে দোকান বন্ধের বাধ্যবাধকতা প্রত্যাহারের দাবিও জানিয়েছে দোকান মালিক সমিতি। লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল হওয়ার অভিযোগ তুলে কোনো এলাকায় লোডশেডিংয়ের অন্তত এক দিন আগে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানানোর দাবিও রয়েছে।
সহজ শর্তে অর্থায়ন, দ্রুত গ্রিড সংযোগ ও সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে মার্কেটগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো সম্ভব হবে বলে মনে করে সংগঠনটি। এতে বিদ্যুৎ সংকট মোকাবেলার পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি আমদানিনির্ভরতাও কমবে বলে দাবি তাদের।
সভায় উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া, সহসভাপতি আব্দুল কাইয়ুম তালুকদার ও হেজাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, আব্দুল মোতালেব রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দীন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ হারুন, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা।










