সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় হীরা হোসেন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শ্রীখোলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

হীরা হোসেন উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষার্থী। 

সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, রাতে হীরা হোসেন উল্লাপাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজের গ্রাম পূর্ব দেলুয়ায় যাচ্ছিলেন। এ সময় উপজেলার শ্রীখোলা মোড়ে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বাড়িতে নিয়ে যান।