নেত্রকোনার পূর্বধলায় সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৩৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাড়িসহ আশপাশের সাতটি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কিছমত বারেঙ্গা গ্রামের নিজ বাড়িতে গতকাল সোমবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি শ্যামগঞ্জ বাজারের রহিমের খাবার হোটেলে কাজ করতেন।

পূর্বধলায় এ নিয়ে ৪৮ ঘণ্টার  ব্যবধানে  করোনাভাইরাসের লক্ষণ নিয়ে দুই জনের মৃত্যু হলো।

শ্যামগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ওহেদুর রহমান খান মামুন জানান, সোমবার বেলা ১টার দিকে তিনিসহ ডা. কনক প্রভা নন্দীর উপস্থিতিতে ল্যাব টেকনিশিয়ান খায়রুল ইসলাম রোগীর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এর ৮ ঘণ্টা পরেই তিনি মারা যান।

ডা. মামুন আরো জানান, ওই ব্যক্তির ১০/১৫ বছর আগে যক্ষ্মা হয়েছিল। পরে অবশ্য তিনি সুস্থ হয়ে যান। গত কয়েকদিন ধরে সর্দি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল তার এক ভাতিজা ফোন করে বিষয়টি জানান। এরপরই নমুনা সংগ্রহ করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের সাতটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। 

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বলেন, যেহেতু ওই ব্যক্তির নমুনা আগেই সংগ্রহ করা হয়েছে সেহেতু এখন রির্পোট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।