চাঁদপুরের মতলব উত্তরে করোনাভাইরাসের টিকা বাড়ি বাড়ি গিয়ে বিক্রির অভিযোগে জাকির হোসেন নামে এক স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মতলব উত্তর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান জানান, উপজেলা ইপিআই পোর্টার জাকির হোসেন উপজেলার মরাদোন ও ঠাকুরচর গ্রামে টাকার বিনিময়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সিনোফার্ম টিকা দিচ্ছে বলে অভিযোগ পায়। বিষয়টি জেনে সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ তদন্তের নির্দেশ দেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবাসিক ডা. মাইনুল ইসলাম মোনাসকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়। কমিটির তদন্তে ৩১টি টিকা বিক্রি করার বিষয়টি প্রমাণিত হলে জাকির হোসেনকে রোববার সাময়িক বরখাস্ত করা হয়।