লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হেরে বসে বাংলাদেশ। আজ একই মাঠে দ্বিতীয় ম্যাচ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয়ার সুযোগ তৈরি হয়েছে পাকিস্তানের সামনে। লিটন দাসের দল কি পারবে ঘুরে দাঁড়াতে, পারবে কি সিরিজ বাঁচাতে? আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ।
পাকিস্তানের মাঠে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ২০ বারের মুখোমুখিতে ১৭টি জিতেছে পাকিস্তান, তিনটি জিতেছে বাংলাদেশ। আগামীকাল লাহোরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
বুধবার প্রথম ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে দুই শতাধিক রান তুলে বাংলাদেশকে ৩৭ রানে হারায় পাকিস্তান। শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্য আর হাসান আলীর পেসের কাছে হেরেছে সফরকারীরা। ২৫ বলে ৪৮ রান করার পর বল হাতে ২৬ রানে ২ উইকেট নেন শাদাব। এছাড়া দুটি ক্যাচও নেন তিনি। হাসান আলী ৩০ রানে নেন ৫ উইকেট। বাংলাদেশের কেউই ফিফটি করতে পারেননি।










