ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজি ছাড়া বাকী ৪ প্রার্থী জামানত হারিয়েছেন। গতকাল শনিবার রাতে ঘোষিত ফলাফলে তারা মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগেরও কম ভোট পাওয়ায় নিয়ম মোতাবেক তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
ফেনী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পৌরসভা নির্বাচনের বিধিতে বলা হয়েছে- ভোট গ্রহণ বা ভোটগণনা সমাপ্ত হওয়ার পর যদি দেখা যায় যে, কোন প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেয়েছেন, তাহলে ওই প্রার্থীর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে।
ফেনী পৌরসভা নির্বাচনের ফলাফলে দেখা যায়, পৌরসভায় মোট ৭২ হাজার ৬৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজি ৬৯ হাজার ৩০৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তিনি মোট ভোটের ৯৫ দশমিক ৩ শতাংশ ভোট অর্জন করেছেন।
প্রতিদ্বন্দ্বি প্রার্থী মেয়র পদে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে আলাল উদ্দিন আলাল ১ হাজার ৯৪৯ ভোট পেয়েছেন। তিনি ২ দশমিক ৬ শতাংশ ভোট অর্জন করেছেন। এছাড়াও জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী ইয়ামিন হাসান ইমন ২১০ ভোট পেয়ে শূন্য দশমিক ২ ভাগ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সমর্থিত সিংহ প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ৩২০ ভোট পেয়ে শূন্য দশমিক ৪ ভাগ ও ইসলামী আন্দোলন সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী গোলামুর রহমান আজম ২৫১ ভোট পেয়ে শূন্য দশমিক ৩ ভাগ ভোট অর্জন করেন।
ফেনী পৌরসভার নির্বাচনের রিটার্ণিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী জানান, ফেনী পৌরসভায় মোট ৯১ হাজার ৬৬২ ভোটারের মধ্যে ৭২ হাজার ৬৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ পৌরসভায় ৪৫টি কেন্দ্রে ৭৯ দশমিক ২৬ ভাগ ভোট সংগ্রহ হয়েছে। যে সকল প্রার্থী মোট কাস্টিং ভোটের আট ভাগের একভাগ ভোট অর্জন করতে পারেননি নিয়ম মোতাবেক তাদের জামানত বাজেয়াপ্ত হবে।










