গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় ২০০ বছরের ঐতিহ্যবাহী দাসেরহাট খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সকালে ওই মাঠেই দাসেরহাট, ভ্রমর, হাকিমপুর, খড়িকাইন এবং পূর্ব সালিনাবকসার গ্রামের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে দাসেরহাট গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক কর কমিশনার রুস্তম আলী মোল্যা, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো. কবির মিয়া, ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক, সাবেক উপসচিব নলীনী বসাক এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপক রঞ্জিত বিশ্বাসসহ কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিল।

মানববন্ধনে সাবেক কর কমিশনার রুস্তম আলী মোল্যা বলেন, প্রায় ২০০ বছর আগের ঐতিহ্যবাহী মাঠটি ১নং খাস খতিয়ানভুক্ত গো-চারণভূমি হওয়ায় আমাদের পূর্বপুরুষসহ বর্তমান প্রজন্ম জমিটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। সাবেক জেলা প্রশাসক (বর্তমানে ঢাকা বিভাগীয় কমিশনার) খলিলুর রহমান গোপালগঞ্জে দায়িত্বে থাকাকালে খেলার মাঠটি উদ্বোধন করেন। যা বর্তমানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত। সম্প্রতি স্বেচ্ছাসেবক লীগ নেতা কেএম মাসুদুর রহমান মাঠটির পাশের জমি কিনে সেখানে পেট্রোল পাম্প নির্মাণের কাজ শুরু করেন। খেলার মাঠের ১০ মিটার জায়গাও অবৈধভাবে দখল নিতে কংক্রিটের পিলার বসাতে শুরু করেন তিনি। তবে এলাকাবাসীর প্রতিবাদের মুখে বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে।

এ ব্যাপারে মাসুদুর রহমানের ব্যক্তিগত সহকারী নায়েব মিয়ার দাবি, আমরা মালিকানাধীন জায়গায় পিলার স্থাপন করেছি। প্রশাসনের উপস্থিতিতে জমি পরিমাপ করে যদি খেলার মাঠে আমাদের কোনো স্থাপনা নির্মাণের প্রমাণ পাওয়া যায় তা হলে আমরা সেগুলো দ্রুত অপসারণ করব।

গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ওবায়দুল ইসলাম বলেন, দাশেরহাট মাঠ এলাকার শিশু-কিশোরদের একমাত্র খেলার স্থান। শেখ রাসেল মিনি স্টেডিয়ামখ্যাত এ মাঠ রক্ষায় আমরা প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর কাছে যাব।