সরকারি পিস্তলের আটটি গুলিসহ ম্যাগাজিন হারিয়ে ফেলায় লালমনিরহাটের সদর থানার উপপরিদর্শক (এসআই) খালেকুল বাদশাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানার ওসি মো. শাহা আলম।

তিনি বলেন, এ ঘটনা অবহিত হওয়ার পর পরই এসআই খালেকুল বাদশাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি সঠিক উত্তর দিতে না পারায় সোমবার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামান বলেন, রোববার এসআই খালেকুল বাদশা সদর থানার কোনো মামলা বা জিডি মূলে আসামিকে ধরতে যাননি। তিনি অন্য একটি জেলার জিডি মূলে কোনো একজন মিসিং ব্যক্তিকে উদ্ধার করতে কলেজ বাজার এলাকায় গিয়েছিলেন। ওইদিন তিনি তার কাছে থাকা সরকারি পিস্তলের আটটি গুলি ও ম্যাগাজিনটি হারিয়ে ফেলেছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে জেলা পুলিশ সুপার তাকে সোমবার প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করেন। মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হতে পারে।