নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কুতুবপুর পালের ঘাট মোড়ে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৩২) নামে এক ইটভাটার শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) আনুমানিক ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে মোশারফ হোসেন মহাসড়কের কুতুবপুর পালের ঘাট মোড় পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহতের চাচা মো.আব্দুর রহমান জানান, মোশারফ স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো আজো ভোরে সাইকেল যোগে ইটভাটায় যাচ্ছিলেন তিনি। হঠাৎ ছয়টার দিকে আমাদের কাছে দুর্ঘটনার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি মোশারফের মরদেহ রাস্তার পাশে পড়ে আছে।

এ ব্যাপারে শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।