গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

পরে তিনি ১৯৭৫-এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, শেখ কবির হোসেন, শেখ পরিবারের অন্যান্য সদস্য, কাজী আক্রাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক কর্ণেল তৌহিদা নওয়াজেশ রোজি ও প্র্রফেসর ডাঃ এ বি এম আব্দুল্লাহ, শাহানা ইয়াসমিন সম্পা,শেখ ফারহান নাসের এবং গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ও নেতাকর্মী।

এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকপ্টরযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় এসে পোঁছান। সেখানে দলীয় নেতা-কর্মীরা তাদের স্বাগত জানান এবং জোহরের নামাজের পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগ দেন।