বোরো মৌসুমে ধানের দাম মণপ্রতি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ ও প্রতি ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে ৫০ লাখ টন ধান সরকারিভাবে ক্রয় করার দাবিতে বগুড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বগুড়া শহরের সাতমাথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের নেতাকর্মীরা এ সমাবেশ কর্মসূচি পালন করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বগুড়া জেলা আহ্বায়ক কমরেড অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু। বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বগুড়া জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।