টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে উপজেলার পোষ্টকামারী গ্রামে।

দুই শিশু ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. হাবিব মিয়া (৪) ও মো. ওহাব মিয়ার মেয়ে সামিয়া (৩)। তারা সম্পর্কে চাচা-ভাতিজি।

পারিবারের সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ির পাশের ডোবায়  ঘাটে নৌকা বাঁধা ছিল। শিশু দুটি খেলার জন্য নৌকায় উঠার চেষ্টা করলে পা পিছলে পানিতে পড়ে যায়। প্রায় এক ঘণ্টা পর শিশু হাবিবের ফুফু রোজিনা আক্তার প্রথমে হাবিবের মরদেহ পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা হাবিবের হাত ধরে থাকা অপর শিশু সানিয়াকেও উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান জানান, শিশু দুটিকে মৃত অবস্থায়ই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।