যশোর শহরে নির্মাণাধীন একটি ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে শহরের সার্কিট হাউজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নির্মাণ ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

নিহতরা হলেন দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুর রহমান (৩৫), কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান মিজান (৪০) ও চাঁপাইনবাবগঞ্জের নুরু (৪৫)। তিনি সাব-কন্ট্রাক্টরের কাজ করতেন।

পুলিশ জানায়, সার্কিট হাউজ পাড়ার ইকবাল মঞ্জিলের নির্মাণাধীন ষষ্ঠ তলার সানসেটে তিনজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ সেটি ভেঙে নিচে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই মারা যান দুই প্রকৌশলী। গুরুতর আহত অবস্থায় নুরু মিয়াকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ভবনের শ্রমিক মুজিবর রহমান জানান, গতকাল সকালে তারা ভবনের পশ্চিম অংশে নির্মাণকাজ করছিলেন। এ সময় ভবনটির কার্নিশ ভেঙে তিনজন নিচে পড়ে যান।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে আনার পর আরো একজনের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।

তবে বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ম্যানেজার বাবলু রহমান জানান, ভবনটির নির্মাণকাজ ২০১০ সাল থেকে শুরু হয়েছিল। নিহতের মধ্যে দুজন প্রকৌশলী ও একজন সাব কন্ট্রাক্টর রয়েছেন। কীভাবে দুর্ঘটনা ঘটল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, নির্মাণাধীন ভবনের সানসেট ভেঙে তিনজন নিহত হয়েছেন। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।