বাগেরহাটের শরণখোলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অপরাধে উত্তর খোন্তাকাটা রাশিদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার সুপার ইলিয়াছ হোসেন জোমাদ্দারকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারা কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম-এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত এ মামলার একমাত্র আসামি ইলিয়াছ হোসেন জোমাদ্দার (৪৮) বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের আব্দুল গফফার জোমাদ্দারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ আগস্ট পঞ্চম শ্রেণির চার ছাত্রী মাদ্রাসা সুপারের কাছে আরবি শিক্ষা নিতে আসে। সেখানে তিন শিক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দেন সুপার। পরে ওই শিক্ষার্থীকে মাদরাসার লাইব্রেরিতে নিয়ে ধর্ষণ করেন সুপার ইলিয়াছ জোমাদ্দার। ওই শিক্ষার্থীকে বিষয়টি মা-বাবাকে না জানানোর জন্য ভয় দেখায়। পরে শিশুটির রক্তক্ষরণ হয়। বিষয়টি জানতে পেরে ওই সুপার মেয়েটির বাড়িতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছে বলে তার পিতা-মাতাকে জানায়। শিক্ষার্থীকে সুস্থ্য করতে নিজেই ঝারফুক ও পানি পড়া দেয় ওই সুপার। কিন্তু তাতেও সুস্থ্য না হওয়ায় সুপারের পরামর্শে মোরেলগঞ্জ উপজেলার একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করে শিশুটির পিতা-মাতা। সিঁড়ি থেকে পরে যাওয়া আঘাতের কারণে রক্তক্ষরণ নয়, অন্য কারণ থাকতে পারে বলে চিকিৎসকরা পরিবারকে পরামর্শ দেয়।
পরে ১৯ আগস্ট রাতে নির্যাতিত ছাত্রীর পিতা বাদী হয়ে ইলিয়াস হোসেন নামের ওই সুপারের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করেন। মামলার পরে সুপার গা ঢাকা দেয়। থানা পুলিশ আসামিকে আটক করতে না পাড়ায় ১৪ সেপ্টেম্বর পিবিআই মামলা টেক ওভার করে। একই সালের ১৮ অক্টোবর পিবিআই মাদরাসা সুপারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। ১৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ১ নভেম্বর এই মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন আদালত।
পরে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সহকারী কৌসুলি (এপিপি) রনজিৎ কুমার মণ্ডল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আদালতের রায়ে আমরা খুশি।










