যারা নিরীহ ও নিরপরাধ তাদের কোনো ভয় নেই। কোনো অফিসার বা মামলার তদন্ত কর্মকর্তা কেউ নিরপরাধ কাউকে ধরার জন্য ক্ষমতাপ্রাপ্ত না। মামলা করলে, আসামি হলেই তাকে ধরতে হবে, আইন এটা বলে না। যারা অপরাধে জড়িত তাকে গ্রেফতার করা যাবে। নিরপরাধ কাউকে আসামি করলে যাচাই-বাছাইয়ের মধ্যে বের হয়ে যাবে। 

গতকাল চট্টগ্রামের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. ময়নুল ইসলাম। এ সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘পুলিশের লেথাল ওয়েপন বা মারণাস্ত্রের ব্যবহারের ক্ষেত্রে সংস্কার করতে চাই। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনেক ক্ষেত্রে মানা হয়নি। আমাদের সদস্যরা যখন জাতিসংঘরে মিশনে যায়, তখন যে স্ট্যান্ডার্ড থাকে সেই স্ট্যান্ডার্ডের জায়গায় ব্যত্যয় হয়েছে। পুলিশের প্রশিক্ষণে সফট স্কিলের ওপর জোর দেয়া হচ্ছে। আমাদের কী কী ভুল হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। জনগণের অংশগ্রহণ ছাড়া পুলিশিং হয় না।’