ঈদের আর মাত্র একদিন বাকি। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করার জন্য নাড়ির টানে বাড়ি ফিরেছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বেড়েছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৮ এপ্রিল) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন পারাপার হয়েছে এবং মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৩ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা।

এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশে ২৭ হাজার ২৩২টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৪ হাজার ৯৫০ টাকা এবং সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১৬ হাজার ১৯৫টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানজট নিরসনে সেতুর উভয় অংশে নয়টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। যানবাহনের চাপ বেড়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান জানান, মহাসড়কে প‌রিবহনের খুব চাপ রয়েছে। এতে পরিবহনগুলো খুবই ধীরগ‌তিতে চলাচল করছে। এছাড়া সেতুর ওপর এক‌টি বাস নষ্ট হওয়ায় পাঁচ মি‌নিট বন্ধ ছিল প‌রিবহন চলাচল। পরিবহনগুলো রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলার কারণেও অন‌্য পরিবহনগুলোয় ধীরগ‌তির সৃষ্টি হয়েছে। প‌রিবহন চলাচল স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দা‌য়িত্ব পালন করছেন।