বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার দুর্গম লাইরুনটিপাড়া
ও ইডেনপাড়ায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের আস্তানা ঘিরে রেখেছে যৌথ
বাহিনী। যৌথ অভিযানে ক্ষতি এড়াতে স্থানীয় শতাধিক নারী, পুরুষ ও শিশুকে সরিয়ে উপজেলা
সদরে নিয়ে আসা হয়েছে।
দুপুরের পর থেকে ওই আস্তানায় যৌথ বাহিনীর অভিযান
চলছে বলে জানিয়েছেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল
করিম। তিনি বণিক বার্তাকে বলেন, ‘দুপুরের পর থেকে ওই আস্তানায় যৌথ বাহিনীর অভিযান চলছে।
এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত থেকে
লাইরুনটিপাড়া, ইডেনপাড়াসহ আশপাশ এলাকায় অভিযানে নামে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে
শতাধিক নারী ও শিশুকে নিরাপত্তার জন্য সরিয়ে এনে রুমার লুংঝিরিপাড়ায় অবস্থিত মারমা
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবন ও বাংলা পাহাড়ে অবস্থিত খ্রিস্টন ফেলোশিপ অব বাংলাদেশ
(সিএফবি) হোস্টেলে রাখা হয়েছে। তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
রুমার মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক
শোয়ে প্র চিং বলেন, ‘সকাল থেকেই ওয়েলফেয়ার ভবনের সামনে বম সম্প্রদায়ের নারী ও শিশুদের
জড়ো করেছে বলে জেনেছি, তবে সেখানে কোনো পুরুষ নেই। সম্ভবত নিরাপত্তার স্বার্থে এসব
শিশু ও নারীকে আমাদের ওয়েলফেয়ার ভবনের সামনে জড়ো করা হয়েছে।’










