গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের, আহত হয়েছেন আরো তিনজন। এক্সক্যাভেটরবাহী ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহীদ মানিক সিকদার সড়কের আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নিহত হন তিনজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান আরেকজন।

নিহতদের মধ্যে এ্যাম্বুলেন্স চালক মোমিন খানের পরিচয় পাওয়া গেছে। তিনি রাজবাড়ী জেলার কালুখালি থানার গোয়ালপাড়া গ্রামের গুলজার খানের ছেলে।

দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এক্সকেভেটর বহনকারী ট্রাক (গাজীপুর-ট-১১-০০২১) ঢাকা-খুলনা মহাসড়কের আরামবাগ এলাকায় পৌঁছালে খুলনা ছেড়ে আসা দ্রুত গতির অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-ছ-৭১-২২৪৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়।