বিমসটেকের যুব, পরিবেশ এবং জলবায়ু সংকট ইস্যুতে আরো বেশি মনোযোগ দেয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (২৮ অক্টোবর) বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব রাষ্ট্রদূত ইন্দ্র মণি পান্ডে তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মহাসচিব বিমসটেকের কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করে বলেন, সদস্য দেশগুলো এটিকে একটি শীর্ষ পর্যায়ের সক্রিয় আঞ্চলিক ফোরামে রূপান্তরিত করার চেষ্টা করছে।
রাষ্ট্রদূত পান্ডে বলেন, আসন্ন শীর্ষ সম্মেলন শেষ হলে বাংলাদেশ বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করবে। এরপর ড. ইউনূসের নেতৃত্বে সাত জাতিগোষ্ঠীর কার্যক্রমে নতুন প্রাণের সঞ্চার ঘটবে বলে আশা করা যাচ্ছে।
রাষ্ট্রদূত পান্ডে বলেন, আমরা কার্যকরভাবে আরো সক্রিয় সংগঠনে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আপনার নেতৃত্বে আমরা অনেক ক্ষেত্রে অগ্রগতি লাভ করতে সক্ষম হব।
সেপ্টেম্বরে থাইল্যান্ডে বিমসটেক সম্মেলন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। সম্মেলনের সময় পরে পুনঃনির্ধারণ করা হবে।
রাষ্ট্রদূত পান্ডে জানান, গ্রুপটি বছরে মন্ত্রী পর্যায়ের তিনটি বৈঠক শুরু করেছে এবং সামুদ্রিক পরিবহন ও জ্বালানি সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছে। তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন গ্রুপের প্রধান অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে।
ড. ইউনূস বলেন, গ্রুপের উচিত যুব, পরিবেশ ও জলবায়ু সংকটের বিষয়ে আরো বেশি মনোযোগ দেয়া। এ সময় তিনি জুলাই-আগস্ট মাসে সফল বিপ্লবের নেতৃত্বদানকারী বাংলাদেশী তরুণদের সাফল্যের কথা তুলে ধরেন।
তিনি বলেন, আমাদের তরুণরা জাতির ভবিষ্যত। শিগগিরই তরুণদের জন্য একটি উৎসবের আয়োজন করবে ঢাকা। গ্রুপের সাতটি দেশ তাদের তরুণদের বাংলাদেশের রাজধানীতে অনুষ্ঠিতব্য উৎসবে যোগ দিতে পাঠাবে বলে আশা প্রকাশ করেন ড. ইউনূস।
২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূস সূচিত থ্রি জিরো আন্দোলনের প্রশংসা করেন রাষ্ট্রদূত পান্ডে। তিনি বলেন, নারীকেন্দ্রিক উন্নয়নও বিমসটেকের প্রধান অগ্রাধিকার।
ড. ইউনূস বলেন, থ্রি জিরো কার্যক্রম বিস্তৃত হয়েছে। বিমসটেক দেশগুলোর মধ্যে শুধু নেপালেই ৭০০টির বেশি থ্রি জিরো ক্লাব রয়েছে এবং অন্তত আটটি ভারতীয় বিশ্ববিদ্যালয় সামাজিক ব্যবসা কেন্দ্র স্থাপন করেছে।










