গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়েছে। আজ দুপুর ১টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের উদ্দেশে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হয়। এসময় ওসমান হাদির সঙ্গে তার দুই ভাই ছিলেন।
চিকিৎসার জন্য শরিফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হবে।
গতকাল রোববার ‘চিফ অ্যাডভাইজার জিওবি’ ফেসবুক পেজে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো সংক্রান্ত তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
গত দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। গতকাল এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানো হয়।
ওসমান হাদির চিকিৎসা-সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।















