টাঙ্গাইলের সখীপুরে ছয় ও নয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষক হায়দার আলী (৪৮) উপজেলার দামিয়া এলাকার মৃত আ. কদ্দুস মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে কচুয়া বাজারে মনোহারী দোকান করে আসছিল। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, প্রায় দেড় মাস আগে ব্যবসায়ী হায়দার আলী প্রতিবেশী ওই দুই শিশুকে (বিস্কুট, লজেন্স, চিপস জাতীয় খাবার) দেয়ার প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে তার নিজ ঘরে ডেকে নেয়। সেখানে শিশু দুটিকে ধর্ষণ করে। পরে একাধিকবার ধর্ষণের চেষ্টা করলে তারা অভিভাবকদের বিষয়টি জানায়।

সখীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় ধর্ষণের মামলা হয়েছে। শিশু দুটিকে ডাক্তারি পরীক্ষা জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই দুই শিশু অভিভাবকের হেফাজতে রয়েছে। পুলিশ অভিযুক্ত হায়দার আলীকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।