দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের আরও সাত জনের শরীরে প্রাণঘাতি কটোনার ভারতীয় ধরণ পাওয়া গেছে। তাদের প্রত্যেকেই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
শুক্রবার রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান'র (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন।
আইিডিসিআর জানায়, সাতটি নমুনার মধ্যে ভারতীয় ধরণ পাওয়া গেছে। তারা প্রত্যেকেই চাঁপাইনবাবগঞ্জে বাস করে। তবে সম্প্রতি তারা ভারত ভ্রমণ করেনি। এতে কমিউনি ট্রান্সমিশন হয়েছে বলে ধারণা করছেন রোগতত্ত্ববিদরা।
এর আগে যশোরে ৫ জন এবং ঢাকায় ৬ জনসহ ১১ জনের শরীরে ভারতীয় ধরণ ধরা পড়ার খবর জানিয়েছিলো আইইডিসিআর ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নতুন করে সাত জনসহ দেশে বর্তমানে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া করোনা রোগীদের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।
এদিকে আরও তিন জেলায় লকডাউনের পরিকল্পনা করা হচ্ছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে। জেলাগুলো হলো, সাতক্ষীরা, রাজশাহী এবং খুলনা।
জানা যায়, বর্তমানে ৪০ শতাংশের ওপরে সংক্রমণ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও খুলনায়। ২০ থেকে ২৯ শতাংশ সংক্রমণ রয়েছে সিলেট, ঝালকাঠি, রাজশাহী, নাটোর ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং ফরিপুরে। ১০ থেকে ১৯ শতাংশ সংক্রমণের হার রয়েছে দিনাজপুর, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, রংপুর, চাঁদপুর, নোয়াখালী, বরিশাল, সাতক্ষীরা, গাজীপুর বগুড়া, গোপালগঞ্জ, যশোর, মাদারীপুর চট্টগ্রাম, রাজবাড়ী, মাগুরা, নওগাঁ, কক্সবাজার, ভোলা, নড়াইল, লক্ষ্মীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, ব্রাক্ষ্মণবাড়িয়া, নেত্রকোনা এবং টাঙ্গাইলে।










