লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-চ্যাংড়াবান্ধা সীমান্ত পথে অজ্ঞাত পরিচয়ের মানসিক প্রতিবন্ধী এক ভারতীয় নাগরিককে পুশইন করার ঘটনায় বিজিবি ও স্থানীয় জনতা বাধা দিলে ভারতীয় বিএসএফ এলোপাতাড়ি রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের এক সদস্যসহ স্থানীয় দুই বাংলাদেশী আহত হয়েছেন।  

গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দর জিরো পয়েন্ট সীমান্তে এই ঘটনা ঘটে। রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার ওমর ফারুক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত দুই বাংলাদেশী হলেন বুড়িমারী ইউনিয়নের তাতীপাড়া এলাকার বোক্তার উদ্দিনের ছেলে আব্দুল আজিজ পেট্টু(৫০) ও একই এলাকার মতিবর রহমানের ছেলে আইনুল হক (৪০)। আহত বিজিবির সদস্যের নাম খোকন হোসেন। আহতদের মধ্যে বিজিবি সদস্য খোকন ও আইনুল প্রাথমিক চিকিৎসা নিলেও আব্দুল আজিজ পেট্টুর ডানহাতে অস্ত্রপচার করে রাবার বুলেটের স্পিলিন্ডার অপসারণ করা হয়েছে।

আহত আব্দুল আজিজ পেট্টু মোবাইল ফোনে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানায়। আমরাও বিজিবির সাথে উপস্থিত ছিলাম। কিন্তু বিএসএফ কোন কারণ ছাড়াই এলোপাতাড়ি রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে। এতে আমার ডান হাতেসহ শরীরে লাগে। আমি হাসপাতালে গিয়ে স্প্লিন্টার অপসারণ করেছি। এখন সুস্থ আছি।

এ ঘটনায় অপর আহত আইনুল হক গতকাল সন্ধ্যায় জানান, সীমান্তে এখনো (গতকাল) উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে আরো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

জানতে চাইলে বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ওমর ফারুক বলেন, এই ঘটনায় আমরা কড়াপ্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন রয়েছে।

তিনি আরো বলেন, ভারতীয় বিএসএফ ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এতে দুই নাগরিকসহ একজন বিজিবি সদস্য আহত হয়েছে।