নেত্রকোনার কলমাকান্দায় সুরাইয়া আক্তার (১০) নামে এক শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসা হয়। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানো হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের ছোট শালজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া আলী আজগরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টায় সুরাইয়া নিখোঁজ হয়। পরে তাকে খুঁজতে বের হন পরিবারের লোকজন ও স্বজনেরা। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনে আম গাছের ডালে গলায় ওড়নায় পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টায় মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, মৃতদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রকৃত কারণ ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে বলেও জানান তিনি। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।