কুমিল্লার দাউদকান্দিতে মাছের প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (৪০), তার ছোট ভাই ইব্রাহিম হোসেন (৩৫), ওলানপাড়া গ্রামের সেলিম সরকারের ছেলে মো. ইয়াসিন মিয়া (২৬) এবং লাকসাম উপজেলার আব্বাস উদ্দিনের ছেলে মোরশেদ মিয়া (৫০)। ইব্রাহিমের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা রয়েছে। তারা হলেন ইয়াসিন মিয়া, নাঈম হোসেন ও ফরহাদ হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপড়া ও উত্তর হরিপুর মৎস্য চাষ প্রজেক্টে মাছ ধরতে যান এ প্রজক্টের ছয় সদস্যের অন্যতম পারভেজ গ্রুপের লোকজন। এ সময় ইসমাঈল তার লোকজন গিয়ে বাধা দেন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের চারজন গুলিবিদ্ধ হন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গৌরীপুর হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানা ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, ‘গোলাগুলির ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’










