চাঁপাইনবাবগঞ্জে অপরিপক্ব আমে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে পাকিয়ে বাজারজাত করার অপরাধে ২৮ মণ আম ধ্বংস করা হয়েছে। গতকাল বেলা ২টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এসব আম নষ্ট করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্রীর উপস্থিতিতে শিবগঞ্জ থানা চত্বরে পাওয়ার টিলার দিয়ে এসব আম নষ্ট করা হয়।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অপরিপক্ব আমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে পাকানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে রাসায়নিক দিয়ে পাকানো ৪৫ ক্যারেট আম জব্দ করা হয়।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, পরিপক্বতা না আসার আগে বাজারে আম নামবে না। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অতি লোভের আশায় অপরিপক্ব আম পেড়ে কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করছে। শিবগঞ্জ উপজেলার এমন একটি আমের আড়তে অভিযান চালিয়ে আমগুলো জব্দ করা হয়েছিল। অভিযানের টের পেয়ে আমের মালিক পালিয়ে যান।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, ধ্বংসকৃত আমগুলো ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার উদ্দেশে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় আমগুলো জব্দ করা হয়েছে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় অপরিপক্ব আমে ফরমালিন মিশিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকে। তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের মতো এ বছরও জেলার আমচাষী, ব্যবসায়ী, আড়তদার, রফতানিকারকদের অনুরোধে ও কৃষি বিভাগের পরামর্শে আম পাড়ার তারিখ বা ক্যালেন্ডার নির্ধারণ করেনি জেলা প্রশাসন।










