পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, হাওরাঞ্চল- চরাঞ্চলে আগে শিক্ষার অভাব ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন এবং দেশে হাজার হাজার স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান দিচ্ছেন।
যাতে দেশে আর নিরক্ষরতা না থাকে।
আমরা চাই ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক।
জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সবক্ষেত্রে শিক্ষার জন্য আমরা অনেক টাকা খরচ করছি।
আরো ব্যয় করব।
কারণ আমরা জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে চাই।
গতকাল বিকালে জেলা পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এইচএসসি-২০২০ পরীক্ষায় সুনামগঞ্জের ১৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও নাট্যকর্মী দেওয়ান শাহজ্জামান চৌধুরী গিয়াসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিঞ্চু চৌধুরী বাবুল প্রমুখ।










