ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকার প্রায় ৪০ একর ধান ক্ষেতে তাণ্ডব চালিয়েছে ভারতের গারো পাহাড় থেকে নেমে আসা বুনোহাতির পাল। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। সম্প্রতি প্রায় রাতেই উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী ধানক্ষেতে হাতির পাল তাণ্ডব চালায়। এতে দুশ্চিন্তায় রয়েছেন শত শত কৃষক। হঠাৎ করে হাতির উপদ্রবের কারণে প্রতিদিন শত শত কৃষক রাত জেগে পাহারা বসিয়ে, পটকা ফাটিয়ে, মশাল জ্বালিয়ে ও লাঠি হাতে সরব থাকলেও বন্ধ করা যাচ্ছে না হাতির তাণ্ডব। অন্যদিকে প্রশাসন বলছে, সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকায় এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। তবে ব্যবস্থা নিতে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বন বিভাগকে জানানো হয়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুরুজ মিয়া জানান, কয়েকদিনে স্থানীয় জামগড়া মহিষলেটি, ধোপাঝুড়ি, কোচপাড়া, রঙ্গমপাড়া ও কড়ইতলী এলাকায় কৃষকদের অন্তত ৪০ একর জমির রোপা আমন ধানের গাছ খেয়ে এবং পা দিয়ে পিষ্ট করে নষ্ট করে ফেলেছে হাতির পাল। ফসল রক্ষায় ইউনিয়ন পরিষদের তহবিল থেকে কৃষকদের কেরোসিন, টর্চলাইট ও পটকা সরবরাহ করে সহযোগিতা করা হচ্ছে। এছাড়া হাতি তাড়াতে গ্রামে গ্রামে কৃষকদের টিম করে দেয়া হয়েছে। কিন্তু এর স্থায়ী সমাধান প্রয়োজন।

স্থানীয় কৃষি বিভাগ জানায়, পাহাড়ি বুনোহাতির তাণ্ডবে সীমান্তবর্তী ভুবনকুড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের ৩২ জন কৃষকের প্রায় ৪০ একরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, হাতির তাণ্ডবে প্রায় ৪০ একর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। 

ইউএনও মো. রেজাউল করিম জানান, অবস্থা উত্তরণে স্থানীয় যু্বকদের নিয়ে হাতি প্রতিরোধ টিম গঠন করা হয়েছে।