চট্টগ্রামের মিরসরাইয়ে কোম্পানী নগর খাল দখল করে দিঘি খনন করেছেন কয়েকজন মৎস্যচাষী। এতে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন। উপজেলার ইছাখালী ইউনিয়নের চুনি মিঝির টেকে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এরই মধ্যে সেখানকার ৩০০ পরিবার পানিবন্দি। দিনে বাড়িতে থাকলেও রাতে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন অনেকে।
সরজমিনে ইছাখালী ইউনিয়নের চুনি মিঝির টেক গিয়ে দেখা যায়, খালের জমি দখল করে অনেকে দীঘি খনন করেছে। কেউ সড়কের পাশে ও ফসলি জমি কেটে মাছ চাষ করছে। পানি নিষ্কাশনের একমাত্র খাল দখল করে রেখেছে তারা। সামান্য বৃষ্টি হলে পানি চলাচল করতে পারছে না। অধিকাংশ বাড়িঘরে পানি ঢুকে পড়ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১০-১৫ জন ওই এলাকার কোম্পানী নগর খালটির জমি দখল করে দীঘি খনন করেছে। পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে গেছে। বৃষ্টির পানি জমে দেখা দিচ্ছে জলাবদ্ধতা।
পানিবন্দি নাছিমা বলেন, ‘আমার দুই সন্তান এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। ঠিকমতো তাদের খাবার দিতে পারছি না। টিউওয়েলে পানি ওঠে না। পানির জন্য এক কিলোমিটার হাঁটা লাগে। দীঘির পাশে বড় করে পানি চলাচলের জায়গা করলে জলাবদ্ধতা দেখা দিত না।’
বিবি ছকিনা জানান, এ এলাকায় কখনো জলাবদ্ধতা ছিল না। দিঘি খনন করার পর থেকে বৃষ্টি হলেই ঘরবাড়িতে পানি উঠে যায়। দিঘির মালিকদের কিছু বললে, ঘরবাড়ি বিক্রি করে চলে যেতে বলেন।
সাবেক মেম্বার সাহাব উদ্দিন বলেন, ‘এখানে পানি চলাচলের জন্য অনেক বড় খাল ছিল। মাছচাষীরা দিঘি খনন করার সময় খালের জমি দখল করে নিয়েছে। এখন পানি চলাচলের কোনো পথ নেই। সামান্য বৃষ্টি হলে প্রায় ৩০০ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। খালের জমি উন্মুক্ত করে দিলে আর পানি জমে থাকবে না।’










