আসন্ন উপজেলা নির্বাচনে সরকারের মন্ত্রী ও এমপিদের হস্তক্ষেপের কোনো
সুযোগ নেই বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, কেউ কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করলে তার
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা
অংশগ্রহণ করলেও দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক
সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে নির্বাচন কমিশন দুটি ধাপে
উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ধাপে ধাপে উপজেলা পরিষদস নির্বাচন
অনুষ্ঠিত হবে। এই নির্বাচনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
এখানে মন্ত্রী-এমপিদের কোনো প্রকার হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকবে না। আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত প্রশাসনও শতভাগ নিরপেক্ষতা বজায়
রাখবে। কেউ কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
হবে। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করলেও দলীয় প্রতীক বরাদ্দ
দেওয়া হচ্ছে না।
উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটবে জানিয়ে
তিনি বলেন, নির্বাচনে কোনো প্রকার অবৈধ হস্তক্ষেপ এবং নির্বাচনের নিরপেক্ষতা বিনষ্ট
করার কর্মকাণ্ডে জড়িত না থাকার জন্য মন্ত্রীসহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় এমপি ও নেতাকর্মীদের
প্রতি সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।










