দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ চার হাজার ২০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ২৬ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন দাম আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে রৌপ্যের দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রৌপ্যের ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ৩ হাজার ১৪৯ টাকা।