চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার কথুনিপাড়া গ্রামের জিহাদ আলী ও সদর উপজেলার ধামার মোড় এলাকার আল আমিন। এছাড়া আহত হয়েছেন ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান, জেনারুল ইসলামের ছেলে মিনহাজ ও রানীহাটি-উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে বোমা তৈরি করছিলেন হতাহতরা। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় ওই বাড়ির দেয়ালের একাংশ ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান জিহাদ ও আল আমিন। আহতদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহাজাহান ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডিআইজি জানান, ঘটনাটি রাজনৈতিক কারণে ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যে উদ্দেশ্যেই বোমা বানানো হোক না কেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বিস্ফোরণের পর র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।










