সারা দেশে যৌথবাহিনীর অভিযানে গত ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ২০৪ জন অপরাধীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিট ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। যৌথ অভিযানে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, চিহ্নিত দুর্বৃত্ত, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত ও দালাল চক্রের সদস্য রয়েছে।

গ্রেফতারকৃত অপরাধীদের কাছ থেকে ১৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪১০টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, একটি সাউন্ড গ্রেনেড, চারটি ককটেল, ছয়টি লোকাল হ্যান্ড বোম্ব, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশী অস্ত্র, স্বর্ণালংকার, মোটরসাইকেল, চোরাই মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরা, অবৈধ পাসপোর্ট, অবৈধ ওষুধ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশব্যাপী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়েছে।

এছাড়া শিল্পাঞ্চলে বেতন-বোনাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে চলমান অস্থিরতা প্রশমনে গার্মেন্টস মালিক ও শ্রমিকদের সঙ্গে গঠনমূলক মতবিনিময় ও সমঝোতা করে সেনাবাহিনী।

পাশাপাশি চলমান এসএসসি এবং সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।