সৌদি আরবের আল-খারজ গভর্নরেটে সংগঠিত এক বিমান হামলায় দুই বাংলাদেশী নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। আজ সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিহতরা হলেন— কিশোরগঞ্জের কটিয়াদী নিবাসী বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখীপুরের মোশাররফ হোসেন।
এতে আরো জানানো হয়েছে, এ ঘটনায় আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে তাদের সঙ্গে দেখা করেছেন এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন যাতে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা যায়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকার এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত উদ্বেগজনক। সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে যাতে পরিস্থিতি শান্ত হয় এবং আর কোনো প্রাণহানি না ঘটে।
সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।










