চট্টগ্রামের সিআরবিতে শেষ হয়েছে দুই দিনব্যাপী বই বিনিময় উৎসব। গত শনিবার শুরু হওয়া উৎসব শেষ হয় গতকাল বিকালে। এবার উৎসবে প্রায় ১৫ হাজার বই বিনিময় হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। উৎসবের যৌথ আয়োজনে করেছে বইবন্ধু ও জেসিআই ঢাকা এসপিরেন্টস। বইকে সহজলভ্য করে সবার হাতের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে ২০১৮ সাল থেকে কাজ করে যাচ্ছে বইবন্ধু। সব মিলিয়ে ঢাকা ও চট্টগ্রামে পঞ্চমবারের মতো আয়োজিত হয়েছে এ উৎসব।
উৎসবের উদ্বোধন করেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ কে এম দাউদুর রহমান মিনা। এ সময় উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা এসপিরেন্টসের লোকাল ভাইস প্রেসিডেন্ট ও বইবন্ধুর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাহউদ্দিন, শিক্ষাবিদ মুজিবুর রহমান, জেসিআই ঢাকা এসপিরেন্টসের সহসভাপতি ব্যারিস্টার আবিদুর রহমান, শিশু সংগঠক তরিকুল ইসলাম প্রমুখ।