বিএনপির ইতিহাস আপসকামিতা বা পলায়নপরতার নয়, বরং স্বৈরাচার প্রতিহতের ইতিহাস বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (২৯ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অহেতুক মানুষকে উত্তেজিত করে স্বৈরাচারের জন্য সুযোগ তৈরি করা উচিত নয় বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বিএনপি দেশের মানুষের জন্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য রাজনীতি করে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না বলে তিনি উল্লেখ করেন।

মরহুম শফিউল বারী বাবুর স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, বাবু ছিলেন সৎ, নিষ্ঠাবান, ত্যাগী, দায়িত্ববোধসম্পন্ন এবং দলের জন্য নিবেদিতপ্রাণ। এ সময় তিনি বাবুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার সন্তানদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, শফিউল বারী বাবুর সঙ্গে তার আদর্শিক সম্পর্ক ছিল। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তারা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে রাজপথে ছিলেন। মরহুম বাবু যে ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মরহুমের সহধর্মিণী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন শফিউল বারী বাবুর স্মৃতির প্রতি সম্মান রেখে আগামীর মানবিক বাংলাদেশ গঠনে তারেক রহমানের সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

আলোচনা সভায় অন্য বক্তারা জানান, সততা, সাহস, মেধা, মানবিকতা, দলের প্রতি আনুগত্য ও দেশের প্রতি মমতাবোধে শফিউল বারী বাবু ছিলেন অনন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক জনপ্রিয় ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২০ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংসদ সদস্য ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বর্তমান ও সাবেক নেতা এবং কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।