তরুণদের মাধ্যমে সমতাভিত্তিক ও মানবিক নগর গঠিত হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ‘টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫’ শীর্ষক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বুধবার (২৮ মে) স্থাপত্য অধিদপ্তরের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদরা তাদের চিন্তা ও পরিকল্পনা দিয়ে নগরায়নকে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।

নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহমুদ আলীর সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী ও মো. স্থাপত্য অধিদপ্তরের মহাপরিচালক মীর মঞ্জুরুর রহমান বক্তৃতা করেন।

প্রতিযোগিতার জন্য নগর ও অঞ্চল বা গ্রামীণ পরিকল্পনা আর আরবান ডিজাইন নামের দুটি বিভাগ নির্ধারণ করা হয়। দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। মোট ৬০টি পরিকল্পনার বিষয়ে আবেদন পাওয়া যায়। প্রাপ্ত পরিকল্পনাগুলো বাছাইয়ের লক্ষ্যে প্রতিযোগীদের উপস্থাপনার ওপর ভিত্তি করে বিচারকরা প্রাথমিক ও চূড়ান্তভাবে মূল্যায়ন করা হয়। মূল্যায়নের ভিত্তিতে প্রতি ক্যাটাগরি থেকে ৩ জন করে ৬ জনকে পুরস্কৃত করা হয়।

এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর সংস্থার প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।