মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাতীয় পর্যায়ে নির্বাচিত ১৪ উদ্যোক্তাকে স্বর্ণপদক দেয়া হবে। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে এ সম্মাননা তুলে দেবেন।

আজ শনিবার বিকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী বলেন, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সারা দেশ থেকে মৎস্য খাতে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখা ১৪ উদ্যোক্তাকে নির্বাচিত করা হয়েছে। প্রধানমন্ত্রী তাদের হাতে স্বর্ণপদক তুলে দেবেন।

১৬ আগস্ট কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত করবেন। একই সঙ্গে সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও বই বহনের জন্য স্কুলব্যাগ দেয়ার কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার কার্যক্রমও শুরু হবে।

সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ (সদর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক উপস্থিত ছিলেন।