মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় লেগুনা খাদে পড়ে ৪ যাত্রী নিহত ও অপর ৬ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী যাত্রী। আজ বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লেগুনার চালক সদর উপজেলার ভাট বাউর গ্রামের মোতালেব মিয়ার ছেলে জাহিদ (৩২)। যাত্রীদের মধ্যে আছেন পাথরাইল গ্রামের মহাদেব মোদক (৫২) ও বাগজান গ্রামের হোসনে আরা বেগম (৪০)। অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘিওরের বানিয়াজুরী
থেকে ছেড়ে আসা একটি লেগুনা ভাটবাউর এলাকায় থামিয়ে যাত্রী ওঠানামা করছিল। এসময় পেছন
দিক থেকে একটি বাস ধাক্কা দিলে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায় লেগুনাটি।
কচুরিপানায় পূর্ণ খাদের মধ্যে লেগুনাটি
মুহূর্তেই তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার
তৎপরতা শুরু করে। উদ্ধারের পর লেগুনার ভেতর আটকে পড়া দুই পুরুষ ও দুই নারীর লাশ পাওয়া
যায়। অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক
শরিফুল ইসলাম জানান, হতাহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খাদের
মধ্যে আর কোনো যাত্রী কিংবা লাশ আছে কিনা তা দেখা হচ্ছে।
এদিকে হাসপাতালে ভর্তি গুরুতর আহত দুজনের
একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে
রাখা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর
রউফ সরকার জানান, দুর্ঘটনায় জড়িত বাসটির খোঁজ চলছে।










