সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জ ও চট্টগ্রামে চারজন রয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী ও নাটোরে আরো তিনজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল বেলা ৩টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শাহজাদপুর উপজেলার বনগ্রামের দুলাল সেখের ছেলে অটোরিকশাচালক সুজন সেখ (২৮) ও জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৩০)। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মাসুদুর ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অটোরিকশাটি পাবনা থেকে আসছিল। মহাসড়কের গাড়াদহ পুরনো বাসস্ট্যান্ডে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান।

চট্টগ্রাম: ফটিকছড়ি ও সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ফটিকছড়ি বারৈয়ারহাট এবং সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, মোটরসাইকেলের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী সাইদুল আনোয়ার বাবু (২৪)। পরে তাকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, সাতকানিয়ায় মৌলভীর দোকান এলাকায় কাভার্ড ভ্যানচাপায় মাহফুজুর রহমান (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যান আটক করেছে। নিহত মাহফুজের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তিনি সিগারেট পরিবেশক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ: ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে অহাব আলী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অহাব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপ-রাজারামপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে।

নোয়াখালী: বেগমগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা আইরিন নামে (১৩) এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তার ছোট বোন আঁখি (৭)। গতকাল দুপুরে উপজেলার জিরতলী চৌরাস্তা-চন্দ্রগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আইরিন উপজেলার ছয়ানী ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মো. বাবুলের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে দিকে আইরিন ও তার ছোট বোন আঁখি অটোরিকশায় চৌমুহনী পৌরসভার নাজিরপুর থেকে আমানউল্লাহপুর ইউনিয়নের আমিন বাজারে যাচ্ছিল। পথে চৌরাস্তা-চন্দ্রগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে তারা দুই বোন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, মরদেহ ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ঘটনার পরপরই চালক বাস নিয়ে পালিয়ে যান। পুলিশ বাসটি চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নাটোর: ট্রাকচাপায় নাঈম ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। গতকাল দুপুরে নাটোর সদর উপজেলার সৈয়দ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার মৃত লিটু শিকদারের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, সৈয়দমোড়ে একটি ভ্যানকে পেছন থেকে চাপা দেয় নাটোরগামী ট্রাক। এ সময় ভ্যানে থাকা নাঈম ইসলাম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।