পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের
পর খুলনায় কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীদের
একাংশ। খুলনার পুলিশ-প্রশাসন ও রাজনৈতিক শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেয়া
হয়।
তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের
আরেকটি অংশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘মার্চ ফর জাস্টিস’ পালনের জন্য প্রচারণা চালাচ্ছেন। কর্মসূচি অনুযায়ী, খুলনা
নগরের রয়েল মোড়ে বিক্ষোভ সমাবেশ করবেন তারা।
মঙ্গলবার (৩০ জুলাই) রাত দশটা
থেকে সাড়ে ১১টা পর্যন্ত খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের একাংশের
সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমন্বয়কদের অভিভাবকরাও
উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কোটা সংস্কার আন্দোলনের
সমন্বয়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর
আহমেদ বলেন, ‘এখন আন্দোলনটা ভিন্ন দিকে চলে যেতে পারে। আমরা জানিয়ে দিচ্ছি যে, আমাদের
পরবর্তীতে আর কোনো কর্মসূচি নেই।’
কোটা আন্দোলনে নিহতদের বিষয়ে
নিরপেক্ষ তদন্ত দাবি করে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুগ্ধ
ঢাকায় নিহত হয়েছেন। তিনিসহ সকল নিহতের নিরপেক্ষ তদন্তের দাবি করছি।’










