সাবেক ছাত্রলীগ নেতা শাহেন শাহ ওরফে শাহীন হত্যা মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক এক কাউন্সিলরসহ ৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে আরো ২২ আসামীকে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসাইন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- রাসিকের সাবেক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমান, হাসানুজ্জামান হিমেল, তৌফিকুল ইসলাম চাঁদ, মো. মহসিন, মো. সাইরুল ইসলাম, রজব আলী, বিপ্লব হোসেন, মো. মমিন ও আরিফুল ইসলাম।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন-মাহবুল হোসেন, সাত্তার, সাজ্জাদ হোসেন, বখতিয়ার আলম রানা ওরফে রংলাল, হাসান আলী, মাসুদ, রাসেল, রাজা, মুর্তুজ, সুমন, আসাদুল, আখতারুল, জইদুর রহমান, ফরমান আলী, জয়নাল আবেদিন, রাজু আহম্মেদ, আকবর আলী, সম্রাট হোসেন, লাল মোহাম্মদ ওরফে লালু, টিয়া আলম, আজাদ হোসেন ও মো. মাসুম। 

আদালত মৃত্যুদণ্ড প্রাপ্তদের এক লাখ টাকা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম মামলার বিবরণ থেকে জানান, ২০১৩ সালের ২৮ আগস্ট নগরীর রাজপাড়া থানাধীন গুড়িপাড়া এলাকার ক্লাব মোড়ে শাহেন শাহকে আসামিরা কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহত অবস্থায় শাহীনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন ২৯ আগস্ট নিহতের ভাই নাহিদ আক্তার নাহান বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। তদন্তের পর ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম আরো জানান, গত বছরের ১১ নভেম্বর আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এরপর আদালত গতবছরের ১০ ডিসেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য্য করেন। কিন্তু দফায় দফায় পিছিয়ে এক বছর পর ঘোষণা হলো চাঞ্চল্যকর এই মামলার রায়।