নারীদের গৃহস্থালি ও অযাচিত পরিচর্যা কাজ এখন আর অদৃশ্য নয়। ২০২১ সালে নারীদের গৃহস্থালি ও পরিচর্যা কাজের অবদান মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৮ দশমিক ৯ শতাংশ। যার আর্থিক মূল্য ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা। আর এ কাজের ৮৫ শতাংশই নারীরা করেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশের প্রথম গৃহস্থালি উৎপাদন হিসাব (এইচপিএসএ) থেকে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইমেন) যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে।
রাজধানীর আগারগাঁওয়ের আয়োজিত এ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, রান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো, শিশু ও বৃদ্ধের যত্ন নেওয়া কিংবা অসুস্থের সেবা—এমন অসংখ্য কাজের ওপরই ভর করে চলে পরিবার ও সমাজ। তবু এতদিন এই কাজগুলো দেশের অর্থনীতির খাতায় লেখা থাকেনি। নতুন এই প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মতো নারীর এই অদৃশ্য শ্রমের অর্থনৈতিক গুরুত্ব জাতীয় পরিসংখ্যানে ধরা হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ বলেন, নারীর শ্রম দীর্ঘদিন ধরে অর্থনীতির ছায়ায় ছিল। আজকের এই প্রতিবেদন সেই অমূল্য অবদানকে দৃশ্যমান করল।
বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। উপস্থিত ছিলেন ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিংহ।










