ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার (২৩ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় বিকেলে ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি উপলক্ষে আইপিইউ সেক্রেটারি জেনারেলের আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি।
এ সময় তারা বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন, ওয়ার্ল্ড স্পিকার সামিটসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সেক্রেটারি জেনারেল ড. শিরীন শারমিন চৌধুরীকে ধারাবাহিকভাবে চতুর্থবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
বৈঠকে মার্টিন চুংগং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনের কথা স্মরণ করে ভূয়সী প্রশংসা করেন এবং ২০২৫ সালে জেনেভায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড স্পিকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে সদস্য হিসেবে যোগ দেয়ার জন্য অনুরোধ জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আইপিইউ সেক্রেটারি জেনারেলকে এ প্রস্তাব প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং ওয়ার্ল্ড স্পিকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে সদস্য হিসেবে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি দেন। শনিবার সম্মেলনের প্রথম দিনে বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সংসদ সদস্য আখতারুজ্জামান ফিলিস্তিন ইস্যুতে বক্তব্য দেন।
এ সময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম পপি, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক এবং আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।










