ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় ভুল চিকিৎসায় ইসরাত জাহান মাহেরা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বজন ও এলাকাবাসী ইসলামী প্রাইভেট হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিক ভাংচুর করেছে। ক্লিনিক মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদ মুন্সি ও ভুয়া চিকিৎসক আবদুল্লাহকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডাকবাংলা বাজারে এ ঘটনা ঘটে। শিশু ইসরাত জাহান মাহেরা সদর উপজেলার বাথপুকুরিয়া গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, শুক্রবার বিকালে শিশু ইসরাত জাহান মাহেরাকে পেটে ব্যথা নিয়ে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার ইসলামী প্রাইভেট হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভর্তি করে তার পরিবার। পরে তাকে চিকিৎসা প্রদান করেন কথিত চিকিৎসক আবদুল্লাহ। রাত ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশু। এমন খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিশুর স্বজনরা ক্লিনিকটিতে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষ থেকে ক্লিনিক মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদ মুন্সি ও ভুয়া চিকিৎসক আবদুল্লাহকে আটক করে।
ভুয়া চিকিৎসক আবদুল্লাহ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাসকাটরা এলাকায় স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তিনি দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয়ে রোগীর চিকিৎসা দিয়ে আসছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, ভুল চিকিৎসায় মাহেরার মৃত্যু হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।










