ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি উড়োজাহাজ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে। গতকাল সন্ধ্যায় অবতরণের সময় উড়োজাহাজটির চাকায় ফাটল ধরে। তবে পাইলটের দক্ষতায় শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় উড়োজাহাজটি। রক্ষা পান ৭৪ যাত্রী। সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় নোজ হুইল বের হওয়ার উপক্রম হয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় নয় যাত্রী সামান্য আহত হন। পরে নভোএয়ারের পাইলট নিরাপদে বিমানটি অবতরণ করান।
ওই উড়োজাহাজের যাত্রী রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলী আজগার জানান, উড়োজাহাজটি অবতরণের সময় এর সামনের চাকা ফেটে যায়। ফলে ওই বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন বন্ধ রয়েছে।










