জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, আজ (গতকাল) থেকে সারা দেশে লকডাউন শুরু হয়েছে। তাই প্রথম দিন সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। আগামীকাল (আজ) থেকে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কেউ সরকারের নির্দেশিত আইন লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গতকাল দুপুরে করোনাভাইরাসের বিস্তার রোধে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতার লক্ষ্যে সুনামগঞ্জের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, পয়েন্ট ও মার্কেট পরিদর্শন করে প্রচারণা করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ কর্মকর্তারা।
এ সময় তারা রাস্তায় চলাচলকারী জনসাধারণ ও গণপরিবহন, দোকান মালিকদের নানা পরামর্শ দেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও সরকারের নির্দেশিত আইন মেনে সার্বিক কার্যক্রম পরিচালনার অনুরোধ করেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সামছুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহিদুর রহমান প্রমুখ।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জনগণের কল্যাণের জন্যই এ লকডাউন। যদিও কিছুটা কষ্ট হবে কিন্তু জীবন বাঁচানোর জন্য এটুকু সহ্য করতে হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে রোগ বিস্তার লাভ করতে পারবে না। তাই সবাই সতর্ক থাকুন এবং নিরাপদ রাখুন পরিবারকে।










